গৌরীপুরে অবৈধ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার: থানায় হস্তান্তর
- প্রকাশের সময় : ০৭:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 21

ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তলসহ মোঃ আসাদুজ্জামান টিপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত টিপু ময়মনসিংহ জেলার বাসিন্দা।
এসআরবি-১৪ (ময়মনসিংহ) এর কোম্পানি কমান্ডার কার্যালয় (সিপিএসসি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গয়েশখিলা গ্রামের ‘মেসার্স প্রতিশ্রুতি এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানের পেছনের ফাঁকা জায়গায় বিশেষ অভিযান চালায় এসআরবি-১৪-এর একটি চৌকস আভিযানিক দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে টিপু দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও সাক্ষীদের সামনে আটককৃত আসাদুজ্জামান টিপু তার পরনের প্যান্টের ডান পাশে গুঁজে রাখা একটি ম্যাগাজিনবিহীন বিদেশি পিস্তল নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত পিস্তলটির আড়াআড়ি দৈর্ঘ্য ৯ ইঞ্চি ৮ সুতা এবং ব্যারেলের দৈর্ঘ্য সাড়ে ৭ ইঞ্চি। অস্ত্রটির গায়ে খোদাই করে ‘TOKYO MARUI MADE IN JAPAN’ ও ‘U.S. ARMY’ সহ বিভিন্ন তথ্য লেখা রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রটির স্বপক্ষে কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে না পারায় আভিযানিক দলটি তা জব্দ তালিকাভুক্ত করে।
এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের এই বিশেষায়িত এলিট ইউনিটটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রসহ তাকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





















