চট্টগ্রামে ব্যবসায়ীর ওপর নৃশংস হামলা: ৬ লাখ টাকা ছিনতাই, চমেক হাসপাতালে চিকিৎসাধীন
- প্রকাশের সময় : ০৯:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 20

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম তিন পুলের মাথা এলাকায় জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রিয়াজউদ্দিন বাজার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত জাকির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করার পর সঙ্গে থাকা আনুমানিক ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। একপর্যায়ে তাকে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে গেলে এক পথচারী তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
আজ রবিবার (১ নভেম্বর) সকালে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। জাকির হোসেনকে একজন ‘সৎ ও সহজ-সরল ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করে তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।





















