ঘূর্ণিঝআকভানের প্রভাবে অসময়ের বৃষ্টি, পানিতে ডুবছেড় পাঁকা ধান
- প্রকাশের সময় : ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 49
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে খুলনাসহ উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। এর প্রভাব পড়েছে খুলনার দিঘলিয়া উপজেলার আমন ধানক্ষেতেও। অসময়ের টানা ২ দিন ধরে অনাবরত বৃষ্টিতে উপজেলার বিভিন্ন মাঠে পাকা আমন ধান হেলে পড়েছে ও পানিতে ডুবে গিয়েছে। কোথাও কোথাও জমিতে পানি জমে থাকায় দিঘলিয়ায়ধান কাটা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
সরেজমিনে দিঘলিয়া উপজেলা সদরের কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে পাকা আমন ধান হেলে পড়ে আছে। অনেক জমিতে ধানের গাছ মাটির সঙ্গে মিশে গেছে, কাটা ধান পানির নিচে ডুবে গিয়েছে। বৃষ্টির পানিতে কোনো কোনো জমিতে পানি জমে রয়েছে। অথচ এসব জমির ধান কাটার উপযুক্ত সময় এখনই। ফলে একদিকে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা, অন্যদিকে শ্রমিক ও বাড়তি খরচের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
মাঠে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি আমন মৌসুমে ধান আবাদ করতে জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও পরিচর্যায় তাদের অনেক টাকা ব্যয় হয়েছে। অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, আবার কেউ কেউ ইতোমধ্যে ধান কাটা শুরু করেছেন। এমন সময়ে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টি শুরু হওয়ায় তাদের সেই প্রস্তুতিতে ছেদ পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে জমিতে পড়ে থাকা পাকা ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
কৃষকদের ভাষ্য, পাকা ধান জমিতে হেলে পড়ে থাকলে বৃষ্টির পানিতে ধানের শিষ নষ্ট হওয়া, ধান ঝরে পড়া ও গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি জমিতে পানি জমে থাকলে ধান কাটা ও মাড়াইয়ের কাজও কঠিন হয়ে পড়বে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা।
কৃষকরা আরও জানান, ধান কাটার মৌসুমে শ্রমিকের মজুরি এমনিতেই বেশি। তার ওপর বৃষ্টির কারণে ধান কাটতে দেরি হলে শ্রমিক সংকট ও বাড়তি খরচের চাপ সামলানো কঠিন হয়ে পড়বে। কয়েক মাসের পরিশ্রমের ফসল ঘরে তোলার শেষ মুহূর্তে এমন আবহাওয়ায় তারা হতাশ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভান পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এর প্রভাবে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া অধিদপ্তর ১৯ নভেম্বর থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানায়।
এদিকে কৃষি আবহাওয়া সংক্রান্ত পরামর্শে পরিপক্ব ফসল দ্রুত সংগ্রহ করে নিরাপদ স্থানে রাখার পাশাপাশি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা সচল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষকদের প্রত্যাশা, বৃষ্টি দ্রুত থেমে আবহাওয়া স্বাভাবিক হলে তারা দ্রুত পাকা আমন ধান কেটে ঘরে তুলতে পারবেন। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন ও কৃষকদের আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।



























