জননিরাপত্তা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
- প্রকাশের সময় : ০৭:৪৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 30

ঢাকা, ৩০ অক্টোবর ২০২৬:
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ একাধিক দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দেশে ক্রমবর্ধমান হত্যা, চাঁদাবাজি, দখলবাজি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান সময়ে নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও অর্থনৈতিক স্বস্তি চরম হুমকির মুখে পড়েছে।
সমাবেশ থেকে এনসিপির ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে:
মন্ত্রীদের পদত্যাগ: জননিরাপত্তা ও জ্বালানি খাতের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ।
সংবিধান সংস্কার: একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন।
কালো আইন বাতিল: মানবাধিকার ও স্বাধীন মতপ্রকাশের পরিপন্থী সব ধরনের আইন বাতিল।
জুলাই গণহত্যার বিচার: জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করা।
সমাবেশ শেষে এনসিপির নেতৃবৃন্দ স্পষ্ট বার্তা দেন যে, জনগণের মৌলিক অধিকার, অর্থনৈতিক স্বস্তি ও রাষ্ট্রীয় জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের রাজনৈতিক অবস্থান এবং রাজপথের আন্দোলন-কর্মসূচি অব্যাহত থাকবে।


























