তালায় আইনশৃঙ্খলা কমিটির সভায় সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন নিয়ে আলোচনাঃ
- প্রকাশের সময় : ১০:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 30

সাতক্ষীরার তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহন, রাস্তার পাশ থেকে গাছ কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
সভায় বক্তারা বলেন, কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি। পাশাপাশি অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন ও রাস্তার পাশের গাছ কাটা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।
সভায় বক্তব্য দেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইদ্রিস আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুদ রানা, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (লাল্টু) ও কুমিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, তালা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ চন্দ্র মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, সাংবাদিক আকবার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




















