ধানখেত পাহারা দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের, রাঙ্গুনিয়ায় দুই হাত কাটা মরদেহ উদ্ধার ।
- প্রকাশের সময় : ০২:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 29

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. নেজাম উদ্দিন (৪৫) নামের এক কৃষকের দুই হাত কাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার সরফভাটা মীরেরখীল সিঙ্গাপুর এলাকার রাঙ্গুনিয়া-বোয়ালখালী সীমান্তবর্তী গহীন বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত নেজাম উদ্দিন সরফভাটা মীরেরখীলের ১ নম্বর স্লুইসগেট এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বক্করের ছেলে। তিনি মূলত গরু-ছাগল পালন ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবাদ করা ধান হাতির আক্রমণ থেকে রক্ষা করতে রাতে বিলে পাহারা দিতে গিয়েছিলেন নেজাম উদ্দিন। রাতের কোনো একসময় দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার হয়ে তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর তাঁর দুই হাত কেটে ফেলা হয়। তবে এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করা যায়নি।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ জানান, কৃষক নেজাম উদ্দিন রাতে ধানের খেত পাহারা দিতে বিলে অবস্থান করছিলেন বলে তাঁরা তথ্য পেয়েছেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে দুই হাত কেটে দেয়।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, একজন সাধারণ কৃষকের এমন নৃশংস মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।



















