সুন্দরবনে ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সাথে কোস্ট গার্ডের গোলাগুলি। জিম্মি থাকা ৫ জেলে ও অস্ত্র উদ্ধার।
- প্রকাশের সময় : ০২:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 20

সুন্দরবনে কুখ্যাত ডাকাত দল ‘দাদা ভাই বাহিনী’র সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গুলি বিনিময়ের এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে তাদের কাছ থেকে জিম্মি থাকা ৫ জন জেলে এবং কিছু অস্ত্র উদ্ধার করে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুন্দরবনের সক্রিয় সব ডাকাত দল নির্মূল এবং উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীর কচ্ছপ খাল এলাকায় ২৭ অক্টোবর রাত ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও দোবেকী থেকে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। তখন আত্মরক্ষার জন্য কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা জিম্মি জেলেদের রেখে সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড খালি কার্তুজ এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্রসহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- রবিউল ইসলাম (৩৫), বিল্লাল হোসেন( ২৬),আলাউল ইসলাম (৩২), নওশেন মোড়ল (৪১) এবং শাহিনুর রহমান( ২৮)।
উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।#



















