পটিয়ায় তোহা হত্যাকাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি, মহাসড়কে মানববন্ধন
- Update Time : ০৬:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ২৬ Time View

আজিজুল হাকিম তুহিন, বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা (৪৮) হত্যার ঘটনায় জড়িত সব ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাচুরিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হাবিলাসদ্বীপ ইউনিয়নের শতাধিক বাসিন্দা অংশ নেন। এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাতে হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় পূর্ববিরোধ ও কলা চুরির প্রতিবাদকে কেন্দ্র করে মোহাম্মদ তোহার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় পরে তিনি মারা যান। নিহত তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে এবং পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।
এ ঘটনায় মোহাম্মদ আনোয়ার (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, হত্যাকাণ্ডে আরও যারা জড়িত, তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি।
মানববন্ধনে নিহত তোহার মেয়ে মোছাম্মৎ মারওয়া, বোন রোকেয়া বেগম ও সাতারা বেগম, ভাগিনা শওকত বাবু এবং স্থানীয়দের মধ্যে ওমর ফারুক, মোহাম্মদ ফোরকানসহ অনেকে বক্তব্য দেন।
নিহতের মেয়ে মারওয়া দ্রুত হত্যার রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তিনি বলেন, তাঁর বাবার হত্যার সুষ্ঠু বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পর দুই সপ্তাহের বেশি সময় পার হলেও মামলার সব আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
মানববন্ধন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।



















