প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সিল জাল করে তদবির বাণিজ্য: মোংলায় মূলহোতা টুকু গ্রেপ্তার
- Update Time : ১২:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ২৭ Time View

নিজস্ব প্রতিবেদক | ০৩ আগস্ট ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম, পদবি, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে অবৈধ তদবির বাণিজ্য চালানোর অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ আগস্ট) দিবাগত মধ্যরাতে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. কামরুজ্জামান টুকু (৩৫)। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক তদবির ও প্রভাব বিস্তার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তিগত কৌশল ও অবস্থান শনাক্ত করে মোংলা থানার একটি বিশেষ দল রোববার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে পুলিশ তার কাছ থেকে পরিবেশ প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল এবং স্ট্যাম্প (প্যাড) জব্দ করে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত টুকু বেশ চতুর প্রকৃতির এবং নিজের রাজনৈতিক পরিচয় রক্ষায় তিনি বিভিন্ন সময় কৌশলী আচরণ করতেন। পরিস্থিতির ওপর ভিত্তি করে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় মো. কামরুজ্জামান টুকুর নাম উল্লেখ করে এবং তার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে আসামি করে মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।









