মাওলানা সেলিম উল্লাহ হত্যার আসামি তৌহিদ গ্রেপ্তার
- Update Time : ১০:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ২১ Time View

চট্টগ্রামের ফটিকছড়িতে হামলায় আহত হয়ে মারা যাওয়া মাওলানা সেলিম উল্লাহ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ২২ অক্টোবর অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলার নানুপুর জমিরিয়া মাদ্রাসার পাশের একটি গাছের মিলের সামনে থেকে তৌহিদুল আলম নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তৌহিদুল আলম উপজেলার রেসাংগিরী এলাকার মনুর বাড়ির আবুল বশর ও রোকেয়া বেগমের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাওলানা সেলিম উল্লাহর ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি তদন্ত করছে পিবিআই। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে নানুপুর এলাকায় পিবিআই ও এসআরবির যৌথ অভিযান চালিয়ে তৌহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি বিকেলে ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তপুর এলাকায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে মাওলানা সেলিম উল্লাহর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তিনি নাক, মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। প্রথমে তাঁকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং পরবর্তী সময়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে মো. আজিজের অভিযোগ, তাঁর বাবাকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ফটিকছড়ি থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।



















