ঝালকাঠিতে ডিবির অভিযানে মাদকসেবী গ্রেফতার
- Update Time : ১১:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৪ Time View

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে মোঃ সেলিম মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর থানাধীন কীর্তিপাশা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী এ অভিযান চালান। অভিযানকালে কীর্তিপাশা বাজার এলাকার জনৈক ফারুক তালুকদারের ভাড়াটিয়া কক্ষ থেকে মোঃ সেলিম মিয়াকে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়। আটককৃত সেলিম মিয়া ঝালকাঠি জেলা সদরের গবিন্দধবল এলাকার মৃত সিরাজুল ইসলাম ও মৃত রিজিয়া বেগমের ছেলে।
আটকের পর চিকিৎসকের মাধ্যমে ডোপ টেস্ট করা হলে তার শরীরে অবৈধ ‘Amphetamine’ (ICT) এর উপস্থিতি পজিটিভ শনাক্ত হয়। তবে অভিযানকালে কোনো প্রকার মাদকদ্রব্য বা অন্যান্য আলামত জব্দ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় অভিযান পরিচালনকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মোস্তফা কামাল বাদী হয়ে আটককৃত মোঃ সেলিম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।



















