রঙ্গিখালী পাহাড়ে বনায়ন কর্মসূচির অগ্রগতি দেখতে টেকনাফে পরিবেশ প্রতিমন্ত্রী
- Update Time : ০৬:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ২৭ Time View

আজিজুল হাকিম তুহিন, বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বন বিভাগের চলমান বনায়ন কর্মসূচির মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
রোববার (৯ আগস্ট) দুপুরে টেকনাফ বন বিভাগের আওতাধীন হ্নীলা রঙ্গিখালী পাহাড়ে গিয়ে ২০২৫-২৬ অর্থবছরের বনায়ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে বনায়ন এলাকার বিভিন্ন অংশ পরিদর্শনের পাশাপাশি কর্মসূচির অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় বন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, রোপণ করা চারার যথাযথ পরিচর্যা এবং বনায়ন কর্মসূচি নির্ধারিত লক্ষ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন পরিবেশ প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, টেকনাফের সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম, টেকনাফ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আবদুর রশিদ এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।


















