শেরপুর সীমান্তে ৮ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- প্রকাশের সময় : ১১:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 18

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবলাকোনা এলাকা থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার (২৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় চোরাই পথে আনা ভারতীয় কসমেটিকসের চালানটি জব্দ করা হয়।
বিজিবি জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার নোমান আহমেদ নকলা শেরপুর


























