শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: একজনের ৩ মাসের কারাদণ্ড
- Update Time : ০৩:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ৩২ Time View

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. ছাতির মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় এই পৃথক অভিযান পরিচালিত হয়।
জানা যায়, সোমবার দুপুরে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে পশ্চিম ভাড়াউড়ার রুপশপুর এলাকার চিড়িয়াখানা রোডে একটি অভিযান চালানো হয়। অভিযানের টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পরবর্তীতে মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে মো. ছাতির মিয়াকে হাতেনাতে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




















