অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজ
- প্রকাশের সময় : ০১:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 31

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (ANIC) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরাতে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান উষ্ণ অভ্যর্থনার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সভাপতি, সদস্যবৃন্দ এবং উপস্থিত আলেম-ওলামা ও কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের শুরুতেই তিনি অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী আদি অধিবাসীদের (Traditional Custodians) অতীত ও বর্তমান প্রবীণদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “আমরা বাংলাদেশিরা জানি, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ কী এবং সেই ভূখণ্ডের স্মৃতি কীভাবে হৃদয়ে ধারণ করতে হয়। তাই যাঁরা সবার আগে এই ভূমিতে বসবাস করেছেন, তাঁদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি।”
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, “আপনারা বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছেন। আমি আশা করি, আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে (Mainstream Society) মুসলিম কমিউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” এ সময় তিনি মুসলিম কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিরোধীদলীয় নেতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।


























