৪৯ মামলার আসামি হয়ে তিন বছরের বেশি কারাবাস, তবুও ছাড়েননি রাজপথ: সরওয়ার উদ্দীন সেলিম।
- প্রকাশের সময় : ১২:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 40

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সরওয়ার উদ্দীন সেলিম বলেছেন, দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে মামলা, হামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েও কখনো রাজপথের আন্দোলন থেকে পিছপা হননি।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরওয়ার উদ্দীন সেলিম বলেছেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে চট্টগ্রামের কোতোয়ালি, মিরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়ের করা ৪৯টি মামলা ও গায়েবি মামলার আসামি হয়েছেন। এ সময় বারবার গ্রেপ্তার, কারাবরণ ও নির্যাতনের শিকার হলেও এক দিনের জন্যও রাজপথ ছেড়ে যাননি।
তিনি বলেন, “সকালে ফ্যাসিবাদী সরকারের কারাগার থেকে মুক্ত হয়ে বিকেলে রাজপথের মিছিলে নেতৃত্ব দিয়েছি। আবার বিকেলে কারাগার থেকে মুক্ত হয়ে পরদিন সকালেই নেতাকর্মীদের নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছি। মামলা, হামলা ও নির্যাতন আমাকে কখনো আন্দোলন থেকে বিচ্যুত করতে পারেনি।”
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সরওয়ার উদ্দীন সেলিম বলেন, ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩৬ বছরেরও বেশি সময় ধরে তিনি মিরসরাই উপজেলা ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় সাতবার গ্রেপ্তার হয়েছেন এবং তিন বছরেরও বেশি সময় কারাবন্দি ছিলেন।
তিনি আরও জানান, সর্বশেষ ২০২৩ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে র্যাবের হাতে গ্রেপ্তার হন।
দলীয় নেতৃত্ব নির্বাচনের বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হারুন রশীদ (ভিপি হারুন)সহ কমিটি গঠন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি তাঁর বিনীত অনুরোধ—বিগত সময়ে রাজপথের আন্দোলনে যারা মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের মধ্য থেকে পরিচ্ছন্ন, যোগ্য, ত্যাগী এবং সাংগঠনিক দক্ষতাসম্পন্ন নেতৃত্বের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হোক।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সরওয়ার উদ্দীন সেলিম বলেন, দলের হাইকমান্ড যদি তাঁকে এ পদের জন্য যোগ্য মনে করে দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাইকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা এবং জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌরসভা বিএনপিকে গ্রুপিংমুক্ত, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলবেন।
তিনি আরও বলেন, সাংগঠনিক দক্ষতা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিকে অতীতের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী সংগঠনে পরিণত করে এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদী।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “দলের দায়িত্ব পেলে সবাইকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সাংগঠনিক শক্তিতে রূপান্তর করব, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, সরওয়ার উদ্দীন সেলিম ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি (চট্টগ্রাম বিভাগ), চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।



























