ইজারা ছাড়াই বালু উত্তোলন ও বিক্রি: দোয়ারাবাজারে অবৈধ বালুখেকো চক্র সক্রিয়
- Update Time : ০৮:০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭৬ Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পূর্ব বাংলাবাজার ইউনিয়নের বড়খাল বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় সরকারি ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মারাত্মক অভিযোগ উঠেছে এক বালু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে। স্থানীয়ভাবে ‘মরা গাঙ্গ’ নামে পরিচিত ঢালিয়া নদী থেকে নদীটির পরিবেশ বিনষ্ট করে বিপুল পরিমাণ বালু তোলা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো ধরনের সরকারি ইজারা না থাকা সত্ত্বেও একটি চক্র নদী থেকে নিয়মিত বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। অনিয়ন্ত্রিত ও অবৈধ এই বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ ব্যাহত হওয়ার পাশাপাশি আশেপাশের তীরবর্তী এলাকা ও স্থানীয় পরিবেশ চরম হুমকির মুখে পড়ছে।
ঘটনাস্থল অনুসন্ধানে জানা যায়, এ অবৈধ বালু উত্তোলন ও কেনাবেচার সঙ্গে সরাসরি জড়িত হিসেবে স্থানীয়রা ইসরাইল (২০) [ পিতা: নুরু (৫০) ], মাসুক (২২), মারুফ (১৮) [ পিতা: রসিদ (৫৫) ] এবং ইমন (১৮) [ পিতা: হেলাল (৪৫) ] এর নাম উল্লেখ করেছেন।
বিষয়টির সরেজমিন সত্যতা যাচাইয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে ইসরাইল (২০) নামের অভিযুক্ত যুবককে পাওয়া যায়, তবে পরিস্থিতি টের পেয়ে অন্যান্য অভিযুক্তরা দ্রুত এলাকা ছেড়ে সটকে পড়েন।
নদী, পরিবেশ ও সরকারি রাজস্ব রক্ষায় দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধসহ দোষীদের বিরুদ্ধে সরেজমিনে তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশের আকুল আবেদন জানিয়েছেন সচেতন এলাকাবাসী।




















