ঈশ্বরগঞ্জে ১৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- প্রকাশের সময় : ০৫:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 31

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশি অভিযানে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) বিকেল ০৩:৪৫ ঘটিকায় ঈশ্বরগঞ্জ থানাধীন ১১নং বড়হিত ইউনিয়নের সৈয়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই মাদক কারবারির নাম মোঃ হলুদ (৩৫)। সে ঈশ্বরগঞ্জ থানার পাড়া ডাংরী গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনা এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব দেবাশীষ কর্মকারের সার্বিক তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমনের নেতৃত্বে থানার একটি চৌকস টিম সৈয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ হাতেনাতে মোঃ হলুদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ পুলিশি পাহারায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের এই চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।
























