খুলনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকর্মীদের সাথে কেসিসি প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:১৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৫ Time View

খুলনা মহানগরী এলাকায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে নগরীর দৌলতপুরস্থ ৫নং ওয়ার্ড অফিস মিলনায়তনে ০১ থেকে ১৫নং ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির নির্দেশনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ: ০১ থেকে ১৫নং ওয়ার্ডের আওতাধীন বাজারসমূহ পরিচ্ছন্ন রাখতে হবে এবং বর্জ্য অপসারণের কাজ দুপুরের পর শুরু করে নির্দিষ্ট রাতের মধ্যে সম্পন্ন করতে হবে।পরিচ্ছন্নতাকর্মীদের প্রতিদিন সকাল ও বিকেল—দুই দফায় সড়কগুলো ঝাড়ু দিতে হবে। ওয়ার্ড সুপারভাইজারদের উদ্দেশে প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন যে, পরিচ্ছন্নতা কাজে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতির আশ্রয় নিলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিনা অনুমতিতে কেউ অনুপস্থিত থাকলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।
শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের দুই শিফটে (সকাল ৭টা থেকে ১০টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত রাখা, ডিউটি পোশাক, সুরক্ষা সামগ্রী ও পরিচয়পত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।সড়ক বা ড্রেনে ময়লা না ফেলার জন্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হবে। পাশাপাশি আইন অমান্য করে যত্রতত্র আবর্জনা ফেললে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানার আওতায় আনা হবে।শারীরিক পরিশ্রমে অক্ষম বয়োবৃদ্ধ শ্রমিকদের স্থলে তাঁদের পরিবারের যোগ্য সদস্যদের কাজে নিযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সচিব মো: রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: অহিদুজ্জামান খান, স্থানীয় সমাজসেবক শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন তোতন, খবির উদ্দিন, ইকবাল কবিরসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী কঞ্জারভেন্সী কর্মকর্তা ও ওয়ার্ড সুপারভাইজারগণ।
এদিকে বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ১৬ থেকে ৩১নং ওয়ার্ডে মাঠ পর্যায়ে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সাথে অপর এক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এবং পরিচ্ছন্ন ও সুস্থ নগরী গড়ে তুলতে একই ধরনের কঠোর নির্দেশনা প্রদান করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিকেলের সভায় প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, শেখ মো: মাসুদ করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়ার্ড সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।



















