টেকনাফে পাহাড়ি এলাকায় এপিবিএনের অভিযান, ‘সাদ্দাম গ্রুপের’ হামিদ গ্রেপ্তার
- Update Time : ০২:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৪ Time View

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে আলোচিত ডাকাত চক্র ‘সাদ্দাম গ্রুপ’-এর সদস্য হামিদ হোসেনকে (২৯) আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের পাশের পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই পাহাড়ি এলাকায় হামিদ হোসেনের অবস্থানের খবর পেয়ে একটি টহল দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।
পরে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পাওয়া যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, হামিদ হোসেনকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে থানায় সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।



















