মাদ্রাসায় অশালীন কর্মকাণ্ড লজ্জাজনক, ছাড় পাবে না কেউ: ধর্মমন্ত্রী
- Update Time : ০৯:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১০ Time View

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং অন্যায়ের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি’র সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে সরাসরি নজর রাখছেন। শরিয়াহ অনুযায়ী হালাল ও হারামের বিষয়ে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।” ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে বলে তিনি জানান।
এর আগে সম্মেলনের মূল আলোচনায় ধর্মমন্ত্রী দেশের ইমামদের প্রতি উসকানিমূলক বক্তব্য পরিহারের অনুরোধ জানান। সুন্দর, শালীন ও মার্জিত ভাষার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য আলেম ও ইমাম সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে জুমার খুতবা ও সামাজিক আলোচনায় মাদক, চাঁদাবাজিসহ সমাজের নানা অসংগতি ও অপরাধের বিরুদ্ধে জোরালো বক্তব্য তুলে ধরতে ইমামদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান ধর্মমন্ত্রী।



















