মোংলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ।
- Update Time : ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ Time View

মোংলায়১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে নানা ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাঙালী ফাউন্ডেশন। শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করে তোলা এবং শিক্ষা কার্যক্রমে সহযোগিতার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেন।
এসময় ১৫টি প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রং পেন্সিল, স্কেল, টিফিন বক্স, পানির বোতল ও স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়। উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে খুশি ও উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে যেন তাদের পড়াশোনা থেমে না যায়, সেই লক্ষ্যেই এমন কার্যক্রম চালানো হচ্ছে।
অনুষ্ঠানে বাঙালী ফাউন্ডেশন ঢাকা শাখার অন্যান্য প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাঙালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশের আর্থিক সহযোগিতায় বাঙালী ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৪ সাল থেকে সংগঠনটি সারাদেশে মানবসেবায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
তিনি আরও বলেন, “শিক্ষা একটি জাতির উন্নতির মূল ভিত্তি। তাই সুবিধাবঞ্চিত ও প্রয়োজনীয় সহায়তা থেকে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে থাকতে বাঙালী ফাউন্ডেশন ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।”
বাঙালী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক নানা কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই সংস্থাটি কাজ করে যাচ্ছে।#



















