যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, সবুজায়নের আহ্বান
- Update Time : ০৩:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১২ Time View

“পরিকল্পিত বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে। শনিবার সকালে যশোর টাউন হল ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী এবং পরিবেশপ্রেমীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি ও উদ্যানপালন প্রতিষ্ঠানের স্টলে দেশি-বিদেশি নানা প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে আম, কাঁঠাল, লিচু, জাম, মাল্টা, ড্রাগন ফল, থাই পেয়ারা, বার্মিজ আঙুর, জাপানি পার্সিমন, ম্যাকাডেমিয়া, অর্কিড, বনসাই, ক্যাকটাস, এরিকা পাম, কৃষ্ণচূড়া, মেহগনি, সেগুন, চন্দন ও আগরসহ বিভিন্ন প্রজাতির গাছ।
অংশগ্রহণকারী নার্সারি মালিকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহও বাড়ছে। গাছ বিক্রির পাশাপাশি দর্শনার্থীদের গাছের পরিচর্যা, রোগবালাই দমন এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।
মেলার অন্যতম আকর্ষণ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন। শিক্ষার্থীরা গাছগুলো নিজ নিজ বাড়ি ও আশপাশের উপযুক্ত স্থানে রোপণ ও পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত গাছপালা সম্পর্কে খোঁজখবর নেন। তারা পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী চলা এই মেলায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহের পাশাপাশি বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও আধুনিক নার্সারি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাবেন।



















