লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- Update Time : ০৯:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সহকারী নির্বাচন কর্মকর্তা জুয়েল আহমেদ।
সভায় বক্তব্য দেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনিরা আক্তার, সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হিলাল এবং পয়সা কারামতিয়া দাখিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ইয়াকুব আলী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিওভুক্ত সহকারী শিক্ষক পরিষদের শাখা সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সদস্যসচিব এ কে এম কামরুল হাসান, পয়সা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ পাল, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ আসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি মানসম্মত ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। এ কারণে শিক্ষকদের পেশাগত মর্যাদা, সামাজিক স্বীকৃতি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত সুরক্ষা জোরদার করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তাঁরা আরও দায়িত্বশীল ও উদ্দীপনার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।



















