সংস্কারের অভাবে ধ্বংসের মুখে ফুলবাড়ীর ঐতিহাসিক মাইক্রোওয়েভ স্টেশন
- Update Time : ০১:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৫৭ Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত তৎকালীন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো ‘মাইক্রোওয়েভ স্টেশনটি’ দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা ও নজরদারির অভাবে মূল্যবান সরকারি যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি জরাজীর্ণ হয়ে পড়েছে স্টেশনটির ভবন ও সীমানা প্রাচীর।
স্থানীয় সূত্রে জানা যায়, তৎকালীন সময়ে এলাকার ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব বিবেচনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩ একর ৮৮ শতক জমির ওপর এই মাইক্রোওয়েভ স্টেশনটি স্থাপন করেন। এক সময় এই স্টেশনটি এ অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। তবে সময়ের পরিক্রমায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া বাড়ার সাথে সাথে স্টেশনটির ব্যবহার কমে আসে এবং এটি অবহেলার শিকার হতে থাকে।
বর্তমানে স্টেশন ভবনের দেয়াল ও ছাদে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে, লোহার মূল্যবান যন্ত্রাংশে ধরেছে মরচে। ভেঙে পড়েছে সীমানা প্রাচীর এবং সামনের অধিকাংশ জমি ইতোমধ্যে দখল হয়ে গেছে। পুরো সরকারি এই স্থাপনাটি বর্তমানে একজন বেসরকারি ব্যক্তির প্রহরায় নামমাত্রভাবে দাঁড়িয়ে আছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কারকাজ না হওয়ায় বিলীন হওয়ার পথে কোটি টাকার সরকারি সম্পদ। সময়মতো উদ্যোগ নিলে ও আধুনিকায়ন করা হলে এই স্থাপনাটি আবারও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা।
ফুলবাড়ীর সচেতন মহল ও এলাকাবাসী জাতীয় সম্পদের অপচয় রোধে ঐতিহাসিক এই মাইক্রোওয়েভ স্টেশনটি দ্রুত উদ্ধার, সীমানা পুনর্নির্ধারণ এবং সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।




















