টয়লেটে সন্তান প্রসব করে ফেলে পালানোর পর হাসপাতালে ভর্তি মা
- প্রকাশের সময় : ০৬:৫১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 62

কক্সবাজারের নাপিতখালী বটতলী এলাকায় একটি গণশৌচাগারে (টয়লেট) সন্তান প্রসব করে নবজাতককে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে ওই প্রসূতি নারী ঈদগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনাক্ত হয়েছেন। প্রাথমিক তথ্যানুযায়ী, ওই নারীর বাড়ি ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহাজেদ পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাপিতখালী বটতলী এলাকার একটি গণশৌচাগারে এক নারী সন্তান প্রসব করেন। প্রসবের পর নবজাতকটিকে সেখানে ফেলে রেখে তিনি গোপনে স্থান ত্যাগ করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন টয়লেটে নবজাতকের কান্নার আওয়াজ শুনে তাকে উদ্ধার করেন।
এদিকে প্রসব-পরবর্তী শারীরিক অসুস্থতা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই নারী ঈদগাঁওয়ের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। হাসপাতালে তার শারীরিক অবস্থা ও আচরণ সন্দেহজনক মনে হলে কর্তৃপক্ষ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, তিনিই নাপিতখালীতে নবজাতক ফেলে আসা সেই মা।
বর্তমানে নবজাতক ও তার মায়ের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি সন্তানকে ফেলে পালিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

























