কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
- প্রকাশের সময় : ১২:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 43

কক্সবাজার শহরের পর্যটনকেন্দ্রিক কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলীর সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত ও পরবর্তী পরিদর্শনের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
এদিকে, অগ্নিকাণ্ডের স্থানটির আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। অনেকে নিরাপত্তার স্বার্থে হোটেল ও বসতঘর থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন।



























