রায়গঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে: “পুলিশ জনগণের বন্ধু, তথ্য দিয়ে সহযোগিতা করুন”
- Update Time : ০৩:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ১৩০ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশ ও জনতার মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং অপরাধ দমনের লক্ষ্যে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় রায়গঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানার স্বাগত বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এটি সঞ্চালনা করেন ইন্সপেক্টর বাবলু কুমার এবং সাবেক যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক রানা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা আমির আলী মর্তুজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল হক খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী খোকন, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ছাত্রদলের সভাপতি শাহীন সুমন এবং বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম।
ওপেন হাউজ ডে’র আলোচনায় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বক্তারা তাদের বক্তব্যে মাদক ও বাল্যবিবাহের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে সমাজ থেকে এই ব্যাধিগুলো নির্মূল করার জন্য পুলিশের প্রতি জোর আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, “পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং তার বিনিময়ে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হিসেবে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, “মাদকের সঙ্গে কোনো আপোস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীর ব্যাপারে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে পুলিশের সাথে সরাসরি মতবিনিময় করেন।










