জলবায়ু বিপর্যয় রোধে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে*।
- Update Time : ১১:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬ Time View

জলবায়ু বিপর্যয় রোধে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। উপকূলে ম্যানগ্রোভ বনায়নে গুরুত্ব দিতে হবে। গাছপালা চারপাশের পরিবেশের জন্য প্রাকৃতিক এয়ারকন্ডিশন হিসেবে কাজ করে। বায়ুমন্ডলে ভারসাম্য রক্ষায় গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণকালে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও আশা-হফনুং এর আয়োজনে এ গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়নে ছিলো চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয় প্ল্যানেটিয়ার্স ক্লাব। “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি” শ্লোগানে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে এই গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকাল ১১টায় চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন “ধরা”র কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষক উত্তম মন্ডল, ব্রজেন রায়, শেখ শাকিব হোসাইন, পরিবেশযোদ্ধা মেহেদী হাসান, চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয় প্ল্যানেটিয়ার্স ক্লাবের ক্যাপ্টেন ঐশী করিম প্রমুখ।
বক্তৃতায় “ধরা”র কেন্দ্রীয় নেতা পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন এক সময় সুন্দরবনের আয়তন ছিলো ১৯ হাজার ৫০৯ বর্গ কিলোমিটার। মানুষের বন বিনাশী কর্মকান্ডে সেই সুন্দরবনের আয়তন অর্ধেকে নেমে এসেছে। কাজেই বন বিনাশী সকল কর্মকান্ড রুখে দাঁড়াতে হবে। উপকূলের প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবে এবং জলবায়ু বিপর্যয় রোধে ম্যানগ্রোভ বনায়ন রক্ষা ও প্রসারকে আমরা গুরুত্ব দিচ্ছি।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল বলেন সরকারের “একটি শিশু, একটি গাছ” কর্মসূচি বাস্তবায়নের আদলে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণের এই কর্মসূচিকে অভিনন্দন জানাই। বায়ুমন্ডলে অক্সিজেন সাপ্লাই এবং মানুষ কর্তৃক নিঃসৃত কার্বনডাই-অক্সাইডের শোষণের মাধ্যমে গাছপালা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
উল্লেখ্য তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত গাছের চারা যেসব শিক্ষার্থী পরিচর্যার মাধ্যমে বড়ো করবে বছর শেষে “ধরা” এবং “ওয়াটারকিপার্স বাংলাদেশ” এর পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হবে।
#




















