যশোর উপশহরের সোনালী ব্যাংকের নিজ জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত: উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
- Update Time : ১১:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ১৬ Time View

যশোর উপশহরের সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত।
পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগানোই নয়, প্রয়োজন সঠিক পরিচর্যা-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশের প্রতিটি নাগরিককে বেশি বেশি ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সাথে তিনি শুধু চারা রোপণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে, লাগানো প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব জমিতে আয়োজিত এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার্স অফিস, যশোর এই মহতী কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অতীতের স্মৃতিচারণ করে বলেন, ১৯৯১ সালে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সাধারণ কার্যক্রম থেকে দেশব্যাপী ‘সামাজিক আন্দোলনে’ রূপ দিয়েছিলেন। তাঁর সেই দূরদর্শী উদ্যোগের ফলেই আজ দেশের মানুষের মাঝে গাছ লাগানোর প্রবণতা বহুগুণ বেড়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী ইশতেহারে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষ রোপণের এক ঐতিহাসিক ও বৈপ্লবিক অঙ্গীকার করেছেন। সেই সবুজ প্রতিশ্রুতি ও লক্ষ্য বাস্তবায়নে এখন দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে সরকারি-বেসরকারি উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। স্কুল-কলেজ, সরকারি দপ্তর ও বেসরকারি করপোরেট প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষ এখন এই সবুজ বিপ্লবে শামিল হচ্ছেন।”
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সোনালী ব্যাংকের নির্ধারিত জমিতে নিজ হাতে একটি ফলদ গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সোনালী ব্যাংক যশোর অঞ্চলের জেনারেল ম্যানেজার ইকবাল কবিরের সভাপতিত্বে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীবসহ সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপস্থিত ব্যাংকাররা প্রতিমন্ত্রীর এই আহ্বানকে সাধুবাদ জানিয়ে নিজেদের কর্মক্ষেত্র ও পারিবারিক আঙিনায় নিয়মিত বৃক্ষরোপণের প্রত্যয় ব্যক্ত করেন।ছবি সংগৃহীত।











