মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজ পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক
- Update Time : ০৯:১৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ২৩ Time View

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রবিবার সকালে নগরীর মাথাভাঙ্গায় অবস্থিত আলুতলা স্লুইচ গেট (দশগেট) পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা এই স্লুইচ গেটটি দিয়ে সম্প্রতি জোয়ারের পানি প্রবেশ করায় জরুরি ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
পরিদর্শনকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, গত তিন দিনের অবিরাম বর্ষণে নগরীর বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতার পানি ইতোমধ্যে নামতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুনরায় ভারী বর্ষণের আশঙ্কায় নগরবাসীকে সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “নগরীতে জলাবদ্ধতা রোধে তিনটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ড্রেন ও খালগুলোতে থাকা প্রতিবন্ধকতা অপসারণের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন।”
প্রশাসক আগামী ৪ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত গেটটির সংস্কার কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং নগরীর অন্যান্য গেটগুলোকেও পর্যায়ক্রমে সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
দশগেট এলাকা পরিদর্শনের পাশাপাশি প্রশাসক ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের মতিয়াখালী ও লবণচরা এলাকার ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। স্থানীয় পর্যায়ে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাফিকুল হাসান দিদার, সহকারী প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. সেলিমুল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















