প্রান্তিক জনগোষ্ঠীর আস্থার প্রতীক মীর জাহিদুর রহমান: বালিয়ান ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু
- প্রকাশের সময় : ০৯:৩১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 47

আসন্ন বালিয়ান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই জমে উঠেছে নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা—সবখানেই এখন নির্বাচনী আলোচনা। আর এই আলোচনায় সাধারণ ও খেটে খাওয়া মানুষের কণ্ঠে বিশেষভাবে উচ্চারিত হচ্ছে মীর জাহিদুর রহমানের নাম। বিপুলসংখ্যক প্রান্তিক জনগোষ্ঠীর আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে তিনি যেন সবার মণিকোঠায় জায়গা করে নিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই মীর জাহিদুর রহমান এলাকার অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন। যেকোনো বিপদ-আপদে, সামাজিক অনুষ্ঠানে কিংবা দুর্যোগময় মুহূর্তে তাকে কাছে পেয়েছেন এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, জীবনমান উন্নয়ন এবং ন্যায্য পাওনা নিশ্চিত করার ক্ষেত্রে তার আন্তরিক প্রচেষ্টা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এলাকার কয়েকজন শ্রমজীবী ও প্রান্তিক নাগরিক জানান, “আমরা সবসময় এমন একজন মানুষকে পাশে চাই, যিনি আমাদের সুখ-দুঃখের কথা বোঝেন। মীর জাহিদুর রহমান ভাইকে আমরা বিপদে-আপদে কাছে পাই। তাই আসন্ন নির্বাচনে আমরা তাকে নিয়ে আশাবাদী।”
সচেতন মহলের মতে, নির্বাচনের মাঠে জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দিক থেকে প্রান্তিক জনগোষ্ঠীর এই স্বতঃস্ফূর্ত সমর্থন মীর জাহিদুর রহমানকে এগিয়ে রাখছে বলে মনে করছেন অনেকেই।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং একটি বৈষম্যহীন, আধুনিক বালিয়ান ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সাধারণ মানুষের এই ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে তিনি নির্বাচনী মাঠে কতটা সাফল্য অর্জন করেন, এখন সেটিই দেখার বিষয়।


























