কুলাউড়া-মৌলভীবাজার সড়ক অবরোধ: ডুলিপাড়া শ্রমিক শাখার শান্তিপূর্ণ ধর্মঘট পালিত
- Update Time : ০৫:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৯ Time View

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রসুলপুর বাজার ডুলিপাড়া আঞ্চলিক শাখা ‘মৌলভীবাজার জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ২৪০৩)-এর উদ্যোগে আজ কুলাউড়া-মৌলভীবাজার সড়কে এক শান্তিপূর্ণ ধর্মঘট পালিত হয়েছে।
ধর্মঘট চলাকালে শ্রমিক ও মালিকরা কুলাউড়া-মৌলভীবাজার প্রধান সড়কে একত্রিত হয়ে তাঁদের যৌক্তিক দাবি তুলে ধরেন। কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মালবাহী গাড়ি চলাচলে অবরোধ সৃষ্টি হলেও অন্যান্য যান চলাচল স্বাভাবিক ছিল।
ধর্মঘটে উপস্থিত চালক ও শ্রমিক নেতারা জানান, মৌলভীবাজারের বেরিরপার স্ট্যান্ডে তাঁরা দীর্ঘ দিন ধরে সুশৃঙ্খলভাবে গাড়ি পার্কিং করে যাতায়াত ও পণ্য পরিবহন সেবা দিয়ে আসছেন। কিন্তু কোনো ধরনের স্থায়ী বিকল্প ব্যবস্থা না করেই এই পুরনো স্ট্যান্ড উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও ক্ষোভের বিষয়।
আন্দোলনকারীদের প্রধান প্রশ্ন—”যেখানে আমরা বছরের পর বছর ধরে নিয়ম মেনে এখানে গাড়ি পার্কিং করে আসছি, সেখানে আজ কোনো যৌক্তিক কারণ ছাড়াই কেন আমাদের উচ্ছেদ করা হবে?”
বক্তারা অনতিবিলম্বে বেরিরপার স্ট্যান্ড উচ্ছেদ অভিযান বন্ধ করার এবং তাঁদের স্থায়ীভাবে অবস্থান নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুংকার দেন শ্রমিক নেতৃবৃন্দ।



















