কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের করুণ মৃত্যু
- Update Time : ১১:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৬ Time View

কুলাউড়া (মৌলভীবাজার): জেলা প্রতিনিধি : রাশেদ আহমদ
মৌলভীবাজারের কুলাউড়ায় এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মৃদুল কুলাউড়া পৌরসভার বাসিন্দা দিপন দেবের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মৃদুল মোটরসাইকেলযোগে স্কুল চৌমুহনী এলাকা অতিক্রম করছিলেন। এ সময় হঠাৎ এক নারী পথচারী রাস্তার সামনে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ড্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনাকবলিত স্থান থেকে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ২টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতব্বর জানান, নিহত যুবকের মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত ও আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




















