দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ-ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ ।
- প্রকাশের সময় : ০২:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 22

খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, ইভটিজিং বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি খাল জনসাধারণের জন্য উন্মুক্ত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্তের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধুরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক রকিব মল্লিক, খান জাহান আলী থানা ইন্সপেক্টর অনিমেশ মণ্ডল, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য মো. গোলাম রসুল খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের গোলাম মোস্তফা, উপজেলা আনসার কমান্ডার কবির, সেনহাটি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য পলি আক্তার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার সব ইউনিয়ন পরিষদের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ইভটিজিং, মাদক, দুর্নীতি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে আরও সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সরকারি খাল জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে মৎস্য বিভাগের ভূমিকা ও দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া বেওয়ারিশ কুকুরের ব্যবস্থাপনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধুরি তাঁর বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, নিবন্ধনহীন যানবাহন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালকদের আইন মেনে চলতে হবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।



















