দিনাজপুরের খানসামায় গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগান অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:৩৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 17

দিনাজপুরের খানসামা উপজেলার দুহশুহ ব্রাহ্মণপাড়া গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এক জাঁকজমকপূর্ণ কবিগানের আয়োজন করা হয়েছে।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টায় গীতা শিক্ষা নিকেতন প্রাঙ্গণে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সৌরভ সরকার ও সমাপ্তি সরকার। তাঁদের চমৎকার পরিবেশনায় কবিগানের মধ্য দিয়ে গ্রামীণ মানুষের মাঝে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের পসরা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খানসামা উপজেলা বিএনপির সদস্য মো. আবু বকর সিদ্দিক চৌধুরী।
পাকেরহাটের বিশিষ্ট কীটনাশক ব্যবসায়ী জয়ন্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর খামারপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাশেদুল ইসলাম (রাশেদ), ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোতাহার হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আকতার হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুল হক, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. মালেকা বেগম, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আনোয়ার হোসেন এবং পাকেরহাটের সততা বস্ত্রালয়ের বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম।
এ ছাড়া অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বে ছিলেন হরিপদ রায়, অনিল চন্দ্র রায়, মনোরঞ্জন রায়, দুলাল রায়, পঞ্চানন রায় ও হ্যামবাবু রায়।
আয়োজক দুহশুহ ব্রাহ্মণপাড়া গীতা শিক্ষা নিকেতনের সদস্যরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগান একসময় গ্রামীণ মানুষের বিনোদনের প্রধান মাধ্যম ছিল। বর্তমান সময়ে আধুনিক বিনোদনের ভিড়ে এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতি তুলে ধরা এবং ঐতিহ্য টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস চালানো হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের সাংস্কৃতিচর্চা স্থানীয় মানুষের মনে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগানের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।



















