পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা
- Update Time : ০২:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৪৯ Time View

দিনাজপুরের পার্বতীপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুটি ইটভাটার মালিককে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার হামিদপুর ইউনিয়নের ঢেড়েরহাট বুড়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘মেসার্স বসুন্ধরা ব্রিকস’ ও ‘মেসার্স সততা ব্রিকস’ নামের দুটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ। অভিযানে পার্বতীপুরের বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক তুহিন বাবুসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুই ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধ না করলে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















