ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল: ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও প্রতিবেশী গ্রেপ্তার
- Update Time : ০৮:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ২৭ Time View

ঝালকাঠিতে এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে তাঁর পালিত বাবা ও এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে মামলা করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী বরগুনা জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন—ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার মো. কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) এবং তাঁর আত্মীয় ও প্রতিবেশী মো. বেল্লাল হোসেন হাওলাদার (৫৫)।
থানা ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বাবা-মায়ের বিচ্ছেদের পর তাঁর মা অভিযুক্ত কামাল খলিফাকে বিয়ে করেন। এরপর থেকে তরুণী তাঁর মা ও পালিত বাবার সঙ্গেই বসবাস করে আসছিলেন। অভিযোগ উঠেছে, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই কামাল খলিফা তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১ এপ্রিল সকালে তরুণীর মা বাড়িতে না থাকার সুযোগে কামাল খলিফা তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন। পরবর্তীতে তিনি একাধিকবার তরুণীকে নির্যাতন করেন।
ঘটনার এখানেই শেষ নয়—এজাহারে উল্লেখ করা হয়, প্রায় তিন মাস আগে একটি ঘটনার সময় কামাল খলিফার পরিচিত বেল্লাল হোসেন হাওলাদার গোপনে সেই তরুণীর ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বেল্লালও গত ১ জুলাই তরুণীকে ধর্ষণ করেন। এরপর থেকে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পালিত বাবা কামাল খলিফা ও বেল্লাল হোসেন দুজনে মিলে তরুণীকে বারবার ধর্ষণে বাধ্য করেন।
পরবর্তীতে ভুক্তভোগী তরুণী বাধ্য হয়ে ঘটনাটি তাঁর মাকে জানান এবং গত ৪ অক্টোবর দুজনে মিলে ঝালকাঠি সদর থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেন।
মামলার বিষযে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।



















