মির্জাপুরের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠাই প্রধান অঙ্গীকার: এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
- Update Time : ১০:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৩ Time View

নিজস্ব প্রতিবেদক:
মির্জাপুরের মাটি ও মানুষ নিজের হৃদয়ের খুব কাছের উল্লেখ করে এই জনপদের জনগণের উন্নয়ন, শান্তি ও মুখে হাসি ফোটানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি মির্জাপুরবাসীর প্রতি এই গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, “এই জনপদের প্রতিটি মানুষের ভালোবাসা, দোয়া ও আস্থা আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময় মির্জাপুরবাসীর পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
মির্জাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখাকে নিজের প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি আরও বলেন, “মির্জাপুরের উন্নয়ন, শান্তি ও মানুষের মুখের হাসিই হোক আমাদের সকলের অঙ্গীকার।” বার্তাটির শেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিয়ে দেশের প্রতি তাঁর অবিচল দেশপ্রেমের কথা পুনরুল্লেখ করেন।
জনপ্রিয় এই নেতার এমন আবেগঘন ও উন্নয়নমুখী বার্তা মির্জাপুরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় জনগণ তাঁর এই অঙ্গীকারকে সাধুবাদ জানিয়ে মির্জাপুরের আগামী দিনের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।




















