রক্তদানে মানবিকতার ৬ বছর: শ্রীনগরে ‘বিক্রমপুর রক্ত যোদ্ধা পরিবার’-এর বর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:২৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 19

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিক্রমপুর রক্ত যোদ্ধা পরিবার’ (BRJ)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাঢ়ীখাল ইউনিয়ন সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের বিশেষ আয়োজন করা হয়।
আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০টিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন বয়সের ও সংগঠনের স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ এক মহামিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বিক্রমপুর রক্ত যোদ্ধা পরিবারের প্রতিষ্ঠাতা এস কে সৌরভ, সভাপতি রাজিব খান জীবন ও সাধারণ সম্পাদক মারুফ-সহ সংগঠনের অন্যান্য সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে উপস্থাপনা করেন সানজিদা খানম।
প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম প্রধান আকর্ষণ ছিল সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন। মানবিকতা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনাকে ধারণ করে আয়োজিত এ উদ্যোগ স্বেচ্ছাসেবীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেছে।
উল্লেখ্য, ‘বিক্রমপুর রক্ত যোদ্ধা পরিবার’ দীর্ঘদিন ধরে বিনামূল্যে রক্তদানসহ নানা মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই মিলনমেলার মাধ্যমে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে মানবিক কর্মকাণ্ডে সবাই সম্মিলিতভাবে কাজ করার নতুন অনুপ্রেরণা পাবে।
মানবিকতার বন্ধন অটুট রেখে ভবিষ্যতেও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



















