রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: দুইজনের মৃত্যু, আহত ৩
- Update Time : ০৭:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ১৬ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মৈকুলী এলাকার বাসিন্দা মনির হোসেনের স্ত্রী শাহনাজ বেগম (৫৫) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিলেটগামী একটি মালবাহী ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০৬৯১) ও রূপসীগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহনাজ বেগম ও রিফাত হোসেন মারা যান। খবর পেয়ে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”



















