সীমান্তের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, পরিদর্শন করলেন বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট
- Update Time : ০৩:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫ Time View

পঞ্চগড় প্রতিনিধি
উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ও সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে তিনি বন্দর এলাকার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জিরো পয়েন্ট পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।
পরিদর্শনকালে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ উপভোগ করেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় সীমান্তের সৌন্দর্যের স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায় তাকে।
রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এর আগে রোববার বিকেলে মার্কিন রাষ্ট্রদূত তেঁতুলিয়ায় পৌঁছান। সেখানে তিনি ঐতিহাসিক জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করেন এবং রাতে অবস্থান করেন। সোমবার সকালে তিনি মহানন্দা নদী এলাকা পরিদর্শন করেন।
বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে অনুদান এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে তেঁতুলিয়া, বাংলাবান্ধা স্থলবন্দর ও পঞ্চগড়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের মধ্যে বাড়তি প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।



















