২০২৬ সালের মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি পার্বতীপুরে শিক্ষক নেতা আব্দুল খালেকের
- Update Time : ১০:৩১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ Time View

দেশের কোডভুক্ত প্রতিষ্ঠানসহ সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ২০২৬ সালের মধ্যে জাতীয়করণের জোর দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ। মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের বৈষম্য নিরসন এবং শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এই দাবি জানানো হয়।
সম্প্রতি এক বিবৃতিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুরের পার্বতীপুরস্থ ভিআইপি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নেতা মোহাম্মদ আব্দুল খালেক বলেন, “প্রাথমিক স্তরের সাধারণ বিদ্যালয়গুলোর মতো সমপর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা যুগ যুগ ধরে চরম অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন।”
শিক্ষকদের অধিকার ও মর্যাদার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “শিক্ষকতা একটি অত্যন্ত সম্মানজনক পেশা। অথচ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এখনো তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। শিক্ষাব্যবস্থায় মাদ্রাসার প্রতি কোনো ধরনের বৈষম্যের ঠাঁই হতে পারে না।”
মোহাম্মদ আব্দুল খালেক অবিলম্বে শিক্ষক-শিক্ষিকাদের প্রাপ্য সকল সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং ২০২৬ সালের মধ্যে কোডভুক্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বিবৃতিতে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, শিক্ষকদের এই ন্যায়সঙ্গত দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে বৃহত্তর কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।



















