বালাগঞ্জে জুতা পায়ে মডেল মসজিদ পরিদর্শন: কর্মকর্তাদের দায়িত্বহীনতায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড়
- Update Time : ০৭:৫২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

পবিত্র ধর্মীয় স্থান মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার মডেল মসজিদে সরকারি কর্মকর্তাদের জুতা পায়ে প্রবেশের ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বালাগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথ। এ সময় তাঁর সঙ্গে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তবে অভিযোগ উঠেছে, পবিত্র মসজিদের চত্বর ও ভেতরের অংশে প্রবেশের সময় তাঁরা পা থেকে জুতা খোলার ন্যূনতম ধর্মীয় শিষ্টাচার কিংবা সাধারণ সৌজন্যবোধটুকুও প্রদর্শন করেননি। জুতা পায়ে দিয়েই তাঁরা মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে বিষয়টি ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মাঝে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
একটি মডেল মসজিদের পবিত্রতা ও ধর্মীয় অনুশাসন রক্ষা করা যেখানে প্রশাসনের অন্যতম দায়িত্ব, সেখানে খোদ শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তাদের এমন আচরণে হতবাক এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বিশিষ্টজন ও আলেম-ওলামারা মন্তব্য করেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি এ ধরনের চরম অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পবিত্র স্থানে জুতা পরে প্রবেশ করে তারা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছেন।
মসজিদের পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ণ হওয়ার এ শিষ্টাচারবহির্ভূত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা প্রদান এবং ভবিষ্যতে সরকারি কর্মকর্তাদের এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য জোরালো দাবি জানিয়েছেন।



















