আমতলীতে জেলা পরিষদের ডাক বাংলোর ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
- Update Time : ০৭:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ Time View

বরগুনার আমতলীতে জেলা পরিষদের ডাক বাংলোর সীমানার মধ্যে থাকা ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।
বুধবার সকালে অভিযান চালিয়ে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়।
বরগুনা জেলা পরিষদের উচ্চমান সহকারী এনামুল হক জানান, আমতলী পুরাতন বাজার ডাক বাংলো সীমানার মধ্যে এসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর ফলে ডাক বাংলোর সীমানা প্রাচীর নির্মাণ করা সম্ভব হচ্ছিল না এবং ডাক বাংলোটি নিরাপত্তাহীনতায় ছিল।
তিনি আরও জানান, পূর্বে ব্যবসায়ীদের একাধিকবার অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হলেও তারা তা তোয়াক্কা করেননি। পরবর্তীতে লিখিত নোটিশ দেওয়ার পরও বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাওয়ায় বাধ্য হয়েই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) অরবিন্দু বিশ্বাস, আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান হাফিজুর রহমান, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।



















