কুড়িগ্রামের চিলমারীতে চরাবাসীর জীবন রক্ষায় চালু হলো ‘নৌকা অ্যাম্বুলেন্স’ সেবা
- প্রকাশের সময় : ১২:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 21

কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলের অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘নৌকা অ্যাম্বুলেন্স’ সেবা। রোববার (২৫ অক্টোবর) উপজেলার ফকিরের হাট খেয়াঘাটে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন (HRF)-এর উদ্যোগে এ সেবার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে HRF-এর বিভিন্ন পর্যায়ের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষেরা এতদিন আকস্মিক অসুস্থতা বা জরুরি প্রয়োজনে নদী পার হয়ে মূল শহরে বা হাসপাতালে পৌঁছানোর ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হতেন। অনেক সময় সঠিক সময়ে যোগাযোগের মাধ্যম ও নৌযানের অভাবে রোগীরা পথেই গুরুতর ঝুঁকিতে পড়তেন। চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং অসুস্থ রোগীদের দ্রুততম সময়ে হাসপাতালে পৌঁছে জীবন বাঁচাতে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।



















