খুলনায় ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- Update Time : ১২:২৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১২৫ Time View

খুলনা মহানগরীর বড় মির্জাপুর এলাকায় রহমান ছাতা কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে কারখানাটির বহুতল ভবনের গুদামে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে কারখানাটির পাঁচতলা ভবনের তৃতীয় তলায় তারা আগুনের শিখা দেখতে পান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর থেকে আরও পাঁচটি ইউনিট এসে যোগ দেয়। পরবর্তীতে আরও একটি ইউনিট যুক্ত হলে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুন দ্রুত ভবনের অন্যান্য তলায় এবং পাশের একটি পাঁচতলা ভবনেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, আগুনে দুটি ভবনের পাঁচটি তলা পুড়ে গেছে। প্রথম ভবনটির তৃতীয় ও চতুর্থ তলা এবং পাশের ভবনটির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনগুলোতে রহমান ছাতা কোম্পানির কারখানা ও গুদাম ছিল।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিউর রহমান বলেন, ভবনটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় এবং ভবনের বিভিন্ন গেটে তালা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।










