কুলাউড়া পৌরসভায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
- Update Time : ০৬:৫৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৬ Time View

ডেঙ্গু রোগ প্রতিরোধ ও পৌরবাসীকে স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দিতে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। পৌরসভা প্রাঙ্গণে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রশাসক জানান, ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংসের পাশাপাশি জমে থাকা পানি অপসারণ ও মশা প্রজনন ক্ষেত্রগুলো বিনাশ করা হবে। পরবর্তী তিন মাস পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি অলিগলি, নর্দমা ও জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত ওষুধ ছিটানো হবে।
পৌরসভা সূত্রে জানা যায়, শুধু পরিচ্ছন্নতা কর্মী দিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই এ অভিযানে নাগরিকদের সচেতন করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম পরিচালনা করা হবে।
অভিযান পরিচালনাকালে পৌর কর্মকর্তা, পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর কর্তৃপক্ষ বাসাবাড়ি ও আশেপাশের আঙিনা পরিষ্কার রাখা এবং ডাবের খোসা, টায়ার ও প্লাস্টিকের পাত্রে জমা পানি প্রতি তিন দিনে অন্তত একবার ফেলে দেওয়ার জন্য পৌরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।



















