রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা
- Update Time : ১০:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ২৫ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ করার অভিযোগে সরকার ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির গোডাউন থেকে ৭৫ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উদ্ধার করা সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর (আমতলা) বাজারে অবস্থিত সরকার ট্রেডার্সের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখানে মজুদ করা সার উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। এ সময় প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সরকার ট্রেডার্সের গোডাউনে মোট ৭৫ বস্তা রাসায়নিক সার মজুদ ছিল। এর মধ্যে ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিএপি এবং ২০ বস্তা টিএসপি সার রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থিতিতে উদ্ধার করা সার তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইয়ুর আলী নামের এক ব্যক্তি বালাইনাশক বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার বিক্রি ও মজুদ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। কৃষকদের স্বার্থ সংরক্ষণ, সারের সরবরাহ ও বাজারব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
কৃষকদের কাছে নির্ধারিত ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সার মজুদ ও বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন মেনে চলার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।



















