খুলনায় পরিবেশবাদী সংগঠন ‘আর্ন’-এর আত্মপ্রকাশ
- Update Time : ০৭:০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য নিয়ে খুলনায় আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে নতুন পরিবেশবাদী সংগঠন ‘আর্থওয়ার্ড অ্যাকশন ফর রেজিলিয়েন্স অ্যান্ড নেচার’ (ইএআরএন- আর্ন)। শুক্রবার বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।
‘রুটেড ইন কমিউনিটিজ, গ্রোয়িং উইথ নেচার’ (Rooted in Communities, Growing with Nature) মূলমন্ত্রকে সামনে রেখে সংগঠনটি গঠিত হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান, অভিজ্ঞতা ও অংশগ্রহণের ভিত্তিতে জলবায়ু সহনশীলতা অর্জন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রকৃতি সংরক্ষণ, টেকসই কৃষি ও জীবিকা, ওয়াশ (WASH), জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি, যুব ক্ষমতায়ন, গবেষণা, উদ্ভাবন এবং নীতি-অ্যাডভোকেসি নিয়ে সংগঠনটি মাঠপর্যায়ে কাজ করবে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে অধ্যাপক ফারজানা কবিরকে ‘আর্ন’-এর চেয়ারম্যান এবং অধ্যাপক শংকর কুমার মল্লিককে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আর্ন-এর চিফ কো-অর্ডিনেটর তানিয়া সুলতানা। এ সময় তিনি সংগঠনের প্রধান লক্ষ্য, উদ্দেশ্য, কর্মক্ষেত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয়, জীববৈচিত্র্যের ক্ষতি ও জীবিকার অনিশ্চয়তা মোকাবিলায় স্থানীয় জনগণের জ্ঞান ও সরাসরি অংশগ্রহণকে প্রাধান্য দিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
আর্ন স্থানীয় জনগোষ্ঠী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে একটি জলবায়ু-সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও প্রকৃতিবান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করে যাবে বলে অনুষ্ঠানে প্রত্যয় ব্যক্ত করা হয়।



















